টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জাতীয় সম্মেলনে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট করে জানান যে, শুধু ওষুধ, স্যালাইন বা সিরিঞ্জ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয় এবং রোগ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এসডিজির তৃতীয় লক্ষ্য অর্জনে স্বাস্থ্য খাতের পাশাপাশি পানি, শিক্ষা, আইনশৃঙ্খলা ও সমাজকল্যাণ খাতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। গ্রামাঞ্চলের স্যানিটেশন ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বিশুদ্ধ পানি নিশ্চিত করা এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রা পরিবর্তনে সচেতনতার ওপর জোর দেন। তিনি আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট ও লবণাক্ততার বিষয়টি গত মাসে প্যারিস কনফারেন্সে তুলে ধরে আন্তর্জাতিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন।
শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি ও জাঙ্ক ফুডের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিকল্পনা কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিয়ে যৌথ পরিকল্পনা করতে হবে এবং অন্তত দুই মাসে একবার তাদের বৈঠক হওয়া উচিত। এছাড়া তিনি বাল্যবিয়ে রোধ, মায়েদের সচেতনতা এবং শিশুর পুষ্টির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আন্না মিনজ। এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা সম্পর্কিত এই জাতীয় সম্মেলনে স্বাস্থ্যসচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।