রাজনীতির মাঠে পরিচিত মুখ হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রয়েছে সমৃদ্ধ এক সাংস্কৃতিক অতীত। গত শতকের চল্লিশের দশকের শেষ লগ্নে ঠাকুরগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা এই রাজনীতিবিদ একসময় নিয়মিত মঞ্চনাটকে অভিনয়, নাটক নির্দেশনা এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।
ঠাকুরগাঁওয়ের প্রাচীন নাট্যসমিতির মাধ্যমে ছাত্রজীবনেই তার নাট্যচর্চায় হাতেখড়ি হয় ফণী ভূষণ পালিদের হাত ধরে। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ঠাকুরগাঁওয়ের নাট্যচর্চার ঐতিহ্য অনেক পুরোনো এবং ফণী ভূষণ পালিদের মতো অসাধারণ সৃজনশীল মানুষের কাছেই তিনি নাটকের প্রথম পাঠ গ্রহণ করেছিলেন।
মঞ্চে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে মির্জা ফখরুল জানান, তার মামাতো ভাই প্রয়াত চিত্রনায়ক আব্দুর রহমানের সঙ্গে তিনি মঞ্চে অভিনয় করেছেন। এ ছাড়া বরেণ্য অভিনেতা আনোয়ার হোসেন এবং অভিনেত্রী আনোয়ারার সঙ্গেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনার সুযোগ হয়েছিল তার। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক হিসেবেও তার সক্রিয় উপস্থিতি ছিল।
বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতা এবং পরবর্তীতে পুরোদস্তুর রাজনীতিতে জড়ালেও সাংস্কৃতিক অঙ্গনকেই নিজের জীবনের সবচেয়ে উপভোগ্য অধ্যায় বলে মনে করেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতার মাঝে সাংস্কৃতিক জগতেই তিনি সবচেয়ে বেশি তৃপ্তি খুঁজে পেতেন।