আফ্রিকা অঞ্চলের অন্যতম ধ্বংসাত্মক 'আফ্রিকান আর্মিওয়ার্ম' বা সামরিকপোকা দমনে অবশেষে এক প্রাকৃতিক সমাধানের সন্ধান মিলেছে। মাটির একটি প্রাকৃতিক ছত্রাক ব্যবহার করে এই পোকা ধ্বংস করতে সফল হয়েছেন দক্ষিণ আফ্রিকার পতঙ্গবিদ ও বিজ্ঞানী লেতোদি লুকি মাথুলওয়ে। সম্প্রতি গবেষণাপত্রে তার দল এই নতুন সাফল্যের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে।
ঘটনার সূত্রপাত দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটাল প্রদেশে, যেখানে গবাদিপশুর খাবারের প্রধান উৎস কিকুয়ু ঘাসের জমিতে ব্যাপক আক্রমণ চালিয়েছিল এই সামরিকপোকা। ঘাস বিনাশের পাশাপাশি পোকাগুলো ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে গবাদিপশুকেও অসুস্থ করে ফেলছিল। তৎকালীন সময়ে দেশটির কৃষি বিভাগে কর্মরত মাথুলওয়ে আতঙ্কিত কৃষকদের ফোন পেয়ে মাঠে নেমে দেখতে পান, একটি নির্দিষ্ট এলাকার ক্ষেতে হাজার হাজার সামরিকপোকা সাদা এক পদার্থের আস্তরণে ঢেকে মরে পড়ে আছে।
পরবর্তীতে পিয়েটারমারিজবার্গের গবেষণাগারে নমুনা পরীক্ষা করে মাথুলওয়ে নিশ্চিত হন যে, এটি প্রাকৃতিকভাবে তৈরি মাটিভিত্তিক ছত্রাক। এটি দিয়ে শুঁয়াপোকাগুলোকে পুরোপুরি মেরে ফেলা সম্ভব। গবেষকরা জানান, ভুট্টা ও সোরগামের মতো প্রধান খাদ্যশস্যের ক্ষতি করা এই পোকা ছোট অবস্থায় কীটনাশক দিয়ে কিছুটা ঠেকানো গেলেও পূর্ণবয়সী হলে তা দমনের কোনো কার্যকর উপায় এত দিন ছিল না।
উল্লেখ্য, ২০১৭ সালে জাম্বিয়ায় সামরিকপোকার আক্রমণে প্রায় ৪০ শতাংশ ভুট্টা নষ্ট হয়েছিল, যা জিম্বাবুয়ে ও মালাউইয়ের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তাকে বড় ধরনের ধাক্কা দেয়। বিজ্ঞানী মাথুলওয়ে জানান, এই ছত্রাক দিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী পণ্য তৈরির কাজ চলছে। এটি বাজারে আসলে ভবিষ্যতে আর্মিওয়ার্মের প্রাদুর্ভাব নিয়ে কৃষকদের দুশ্চিন্তা কেটে যাবে।