দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২৩ জন ডেঙ্গু রোগী। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এই ২ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৫৫০ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ৭১২ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১৯ হাজার ৮৯৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ৩২০ জন ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল বিভাগে ১০১, খুলনা বিভাগে ৯৮, চট্টগ্রামে ৮৩, রাজশাহীতে ৬৩ এবং ময়মনসিংহ বিভাগে ৪৫ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর মাসভিত্তিক হিসাবে দেখা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।