নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শেষ হয়েছে। গত ৯ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা অংশগ্রহণ করেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) আয়োজিত এই সম্মেলনে সার্বিক সহযোগিতা করেছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)। উক্ত সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আট সদস্যের একটি প্রতিনিধিদলও অংশ নেয়।
সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, গণমাধ্যমে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং মাতৃভাষায় সংবাদ পরিবেশন নিয়ে আলোচনা হয়। সেখানে গবেষক ও সাংবাদিকরা মাতৃভাষায় সাংবাদিকতার প্রসার এবং বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।