যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের ছয় মাসের মাথায় নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধের মধ্যে হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে কড়া বার্তা দিয়েছে দেশটির সামরিক বাহিনী ও শীর্ষ নেতৃত্ব।
আইআরজিসি মুখপাত্র হোসেন মহেব্বি সতর্ক করে বলেছেন, ইরান পুনরায় হুমকির মুখে পড়লে মার্কিন ব্যবস্থাসহ বিশ্বব্যাপী ইন্টারনেট সংযুক্ত পরিকাঠামো হুমকির মুখে পড়বে। অন্যদিকে সাবেক আইআরজিসি প্রধান মহসিন রেজাই জানান, যুক্তরাষ্ট্র অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না।
সম্প্রতি পানামার পতাকাবাহী একটি জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এটি গত এপ্রিলের পর মার্কিন বাহিনীর ১২তম এবং পুনরায় অবরোধের পর তৃতীয় হামলা। এর মধ্যেই কাতার ও পাকিস্তান কূটনৈতিক সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি সামরিক নেতৃত্বে নতুন ছজনকে নিয়োগ দিয়ে নিজের অবস্থান সুসংহত করেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুপক্ষ বর্তমান অর্থনৈতিক সংকটের সুযোগ নিয়ে ইরানকে ভেতর থেকে ধ্বংস করার চক্রান্ত করছে।