একটি অনুষ্ঠানের লাল গালিচায় পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দেওয়ার সময় এক নারী ভক্ত অভিনেত্রী নিকিতা রাওয়ালের সঙ্গে সেলফি তোলার আবদার জানান। কিন্তু এরপরই হুট করে কোনো কথা ছাড়াই ওই নারী ভক্ত নিকিতার দিকে ঝুঁকে তার ঠোঁটে চুম্বন করেন। আকস্মিক এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী এবং তাকে ঠেলে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। অনেকে বিষয়টিকে পূর্বপরিকল্পিত দাবি করে অভিনেত্রীকে হেয় করার চেষ্টা করেন, আবার অনেকেই একে হেনস্তা বলে নিকিতার পাশে দাঁড়ান। মুম্বাইয়ে জন্ম নেওয়া ও মিঠিবাই কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা ২০০৭ সালের ‘মিস্টার হট অ্যান্ড মিস্টার কুল’ খ্যাত এই অভিনেত্রী পুরো বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন।
বিতর্কের মুখে নিজের অবস্থান পরিষ্কার করে ইনস্টাগ্রাম স্টোরিতে সমর্থনমূলক বার্তার স্ক্রিনশট শেয়ার করেছেন নিকিতা। তিনি লেখেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা জানেন—আমি সঠিক, আমি কোনো ভুল করিনি। লুকানোর মতো আমার কিছু নেই, আমি সবসময় সত্যের পক্ষে থাকব।”
অন্য একটি পোস্টে বিশ্বজুড়ে হাজার হাজার ভক্তের বার্তার কথা উল্লেখ করে নিকিতা রাওয়াল বলেন, “আপনাদের সমর্থন, সহমর্মিতা ও সম্মান আমাকে সত্যিই আবেগাপ্লুত করেছে। ব্যক্তিগতভাবে প্রতিটি বার্তার উত্তর দেওয়া সম্ভব নয়, তবে জেনে রাখুন—আপনাদের অনেকের বার্তাই পড়েছি এবং সবার প্রতি কৃতজ্ঞ।”