প্রবাসে থেকেই ঢাকা জেলার ভূমি সংক্রান্ত সমস্যার প্রতিকার ও বিভিন্ন সেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে। জেলা প্রশাসনের চালু করা এই অ্যাপে অভিযোগ জানিয়ে সম্প্রতি জমি সংক্রান্ত সমস্যার প্রতিকারের পথ পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী নাজমুল হোসেন। বুধবার (১২ আগস্ট) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভুক্তভোগী নাজমুল হোসেন জানান, তিনি প্রায় ১৯ বছর ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। ২০১৮ সালে রাজধানীর গুলশান-জোয়ার সাহারা এলাকার ক্যান্টনমেন্টের মানিকদিয়ায় আড়াই কাঠা জমি কেনেন তিনি। দেশে না থাকার সুযোগে পার্শ্ববর্তী কয়েকজন জমিটি দখল করে নেয় এবং স্বজনরা উদ্ধার করতে গেলে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে অ্যাপে আবেদন করলে জেলা প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে। দূর থেকেই প্রশাসনের সহযোগিতা পেয়ে উপকার হয়েছে বলে জানান ওই প্রবাসী।
এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম জানান, প্রবাসীরা দীর্ঘ সময় বিদেশে থাকায় সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন না। সে বিষয়টি বিবেচনায় রেখেই ‘হ্যালো ডিসি’ সেবাকে আরও সহজ ও জনবান্ধব করা হচ্ছে, যাতে প্রবাসীরা দেশের বাইরে থেকেও নিজেদের সমস্যা জানিয়ে দ্রুত প্রতিকারের পথ জানতে পারেন।