সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ১১১ নম্বর বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তাঁর স্ত্রী মালু বেগম (৭৬)। তবে নিহত গৃহকর্মীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাইফুল জানান, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তাঁর টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। আলামত সংগ্রহসহ পুরো পরিস্থিতি পুলিশ পর্যবেক্ষণ করছে।
একই বাসা থেকে একসঙ্গে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। তবে কীভাবে এবং কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।