সৌদি আরবের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববারের এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতভাগাদের মধ্যে ১৩ জন নওগাঁর আত্রাই উপজেলার এবং ৩ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা।
নিহতদের সকলেই ওই কারখানায় কাজ করতেন এবং তাদের বেশিরভাগই ছিলেন যুবক বা যৌবনোত্তীর্ণ। প্রবাসে নানা প্রতিকূলতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখছিলেন। আকস্মিক এই দুর্ঘটনায় উপার্জনক্ষম স্বজনদের হারিয়ে পরিবারগুলো এখন চরম শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফেরত পাঠাতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট কারখানা মালিক যেন নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।