আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়ায় ‘কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে অনুমোদন ছাড়াই শিশুখাদ্য উৎপাদনের অভিযোগ এনে সংবাদ প্রকাশ করায় দৈনিক ভোরের দর্পণের আশুলিয়া প্রতিনিধি মশিউর রহমানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আরিফুল ইসলাম সোহাগের বিরুদ্ধে এই হুমকি প্রদানের অভিযোগ ওঠে। প্রকাশিত সংবাদের জেরে একজন পেশাদার সাংবাদিককে হুমকি দেওয়ার এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর প্রত্যক্ষ হস্তক্ষেপ বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। জানা যায়, সম্প্রতি “আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া কাউবয় ফুডস কোম্পানি লিমিটেড অনুমোদন ছাড়াই চলছে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগ” শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর থেকেই অভিযুক্ত আরিফুল ইসলাম সোহাগ সাংবাদিক মশিউর রহমানকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদান করে আসছেন। স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে হুমকি দেওয়া স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথ রুদ্ধ করার একটি অপচেষ্টা। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান তারা।