থাইল্যান্ডে নাটকের দৃশ্যধারণ শেষে পাহাড় থেকে নামার সময় অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি। মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বেলা সাড়ে চারটার পর থাইল্যান্ডের কোলান দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকেই চিকিৎসার জন্য পাতায়ায় নেওয়া হয়েছে।
জানা যায়, পাহাড়ে নাটকের কাজ শেষ করে স্কুটিতে করে নিচে নামার সময় দুর্ঘটনাটির শিকার হন তারা। সেসময় গাড়িটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। একপর্যায়ে হঠাৎ স্কুটিটি নিয়ন্ত্রণ হারালে দুজনই ছিটকে পড়ে আঘাত পান। পরবর্তীতে পেছনে থাকা শুটিং দলের সদস্যরা দ্রুত এসে তাদের উদ্ধার করেন।
দুর্ঘটনায় খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। তিনি জানান, আঘাতের কারণে তার হাঁটতে কষ্ট হচ্ছে। অন্যদিকে চিত্রগ্রাহক মেহেদী রনির শরীরের বেশ কিছু অংশ ছিলে গেছে। আঘাতের সঠিক মাত্রা জানতে হাসপাতালে দুজন চিকিৎসকের অধীনে আছেন এবং তাদের এক্স-রে করানো হচ্ছে।
ঈদের বিরতি শেষে মীর আরমান হোসেনের পরিচালনায় বেশ কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ড গিয়েছিলেন খায়রুল বাসার। এসব নাটকে তার সহশিল্পী হিসেবে ছিলেন সাদনিমা বিনতে নোমানসহ অনেকে। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার ফলে আপাতত ২-৩ দিনের শুটিং বন্ধ রাখতে হয়েছে।