এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই) হেরিটেজ মাস উপলক্ষে মিডিয়া ও কমিউনিটি লিডারশিপে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউ জার্সি স্টেট সিনেট ও জেনারেল অ্যাসেম্বলির যৌথ লেজিসলেটিভ রেজ্যুলেশন সম্মাননা পেয়েছেন প্রফেসর শোয়াইব আহমেদ ভূঁইয়া। প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে তিনি এই সম্মাননা অর্জন করলেন।
এই স্বীকৃতির মাধ্যমে মিডিয়া, শিক্ষা এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডে প্রফেসর শোয়াইবের অবদানকে তুলে ধরা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান এবং বৃহত্তর এশীয় কমিউনিটির কণ্ঠস্বর ও সাফল্যকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে তার ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করা হয়।
প্রফেসর শোয়াইব বর্তমানে ফেয়ারলি ডিকিনসন ইউনিভার্সিটি-তে সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে অধ্যাপনা করছেন। এর আগে তিনি কলাম্বিয়া ইউনিভার্সিটি, পেস ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক এবং এনএএসডি-এ শিক্ষকতা করেছেন। এছাড়া তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজ সিনেটে নির্বাচিত প্রথম বাংলাদেশি-আমেরিকান ফ্যাকাল্টি সিনেটর হিসেবে ইতিহাস গড়েন।
জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে বিশ্লেষণের জন্য প্রফেসর শোয়াইব বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও বেশ পরিচিত। বিশ্লেষক হিসেবে তিনি এবিসি, এনবিসি, আল জাজিরা, টিয়ারটি ওয়ার্ল্ড ও স্টার নিউজসহ বহু মিডিয়া আউটলেটে নিয়মিত আমন্ত্রিত হয়েছেন।