নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে চাকরিপ্রার্থীদের মিছিলে পুলিশি দমন-পীড়নের ঘটনা ঘটেছে। বিধানসভার কাছে জগন্নাথপুর মন্দির এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।
নিয়োগ সংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে সরকারের সঙ্গে একাধিক দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর আন্দোলনের ১৭তম দিনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
চাকরিপ্রার্থীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও স্টাফ সিলেকশন কমিশনে (জেএসএসসি) ব্যাপক সংস্কারের পাশাপাশি সিবিআই অথবা অন্য রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন।
ঘটনার পর রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে। তবে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমার দাবি করেছেন, সরকার চাকরিপ্রার্থীদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে আন্দোলনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।