সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে গত ৫ আগস্ট রাতে গুলশানের একটি বাসা থেকে আক্তারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ১০ আগস্ট দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৮ জুন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন ইউটার্নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা অবৈধ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটায়। জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করা হয়।