কাজী ফার্মস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে প্রায় ৩৪ লাখ ১৯ হাজার ২৫৬ টাকার গমের ভূষি আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালনা করা এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার মনিরুল ইসলাম ও খালেক সরদার। মনিরুলকে যশোরের নাজির শংকরপুর এবং খালেককে পুরাতন কসবা এলাকা থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যে পাবনার পুটে বাজার এলাকায় অভিযান চালালে চক্রের সদস্য আবুল বাসার পালিয়ে যান, তবে সেখান থেকে ভূষির একটি অংশ উদ্ধার করা হয়।
অভিযানে প্রতারণার মাধ্যমে বিক্রি করা মালামালের নগদ ১০ লাখ ৩ হাজার টাকা, ৭৭ বস্তা গমের ভূষি, প্রতারণায় ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, ৫১টি সিমকার্ড, ২টি ল্যাপটপ, ১টি মোটরসাইকেল ও স্বর্ণের গহনা উদ্ধার করা হয়েছে।
মামলার তথ্যমতে, গত ১৯ জুলাই প্রতারক চক্রটি কাজী ফার্মসের ম্যানেজার ও পরিচালক সেজে চুয়াডাঙ্গার ব্যবসায়ী মানিক কুমার আগরওয়ালের সঙ্গে যোগাযোগ করে। প্রতি কেজি ৩২ টাকা দরে ৭৫ মেট্রিক টন গমের ভূষি ক্রয়ের চুক্তি করে তারা। পরবর্তীতে ২২ ও ২৫ জুলাই পাঁচ ট্রাকে সরবরাহ করা ভূষি যশোর সদরের চুড়ামনকাঠি বাজার এলাকায় খালাস করে আত্মসাৎ করা হয়।
পরবর্তীতে চক্রটি আরও ৩০ হাজার টাকা ধার চাইলে ব্যবসায়ীর সন্দেহ হয় এবং তিনি কাজী ফার্মসের যশোর কার্যালয়ে যোগাযোগ করে জালিয়াতির বিষয়টি জানতে পারেন। অভিযোগ পাওয়ার পর ডিবি সাইবার ক্রাইম ইউনিটের এসআই দেবব্রত ঘোষের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের আটক করে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।