আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ ও আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক ও সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ৯ আগস্টের এক অফিস আদেশে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
অকার্যকর ঘোষিত প্রতিষ্ঠান চারটি হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ, তারল্য সংরক্ষণে ব্যর্থতা ও আমানতকারীদের দায় পরিশোধে অক্ষমতার কারণে পরিচালনা পর্ষদের পর্যালোচনার ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
আভিভা ফাইন্যান্সের প্রশাসক হিসেবে ব্যাংক সুপারভিশন বিভাগের-১১-এর পরিচালক মো. আলাউদ্দীন হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এফএএস ফাইন্যান্সের দায়িত্বে ব্যাংক সুপারভিশন বিভাগের-২-এর পরিচালক আবু সামা মো. আতাউর রহমান, ফারইস্ট ফাইন্যান্সের দায়িত্বে ব্যাংক সুপারভিশন বিভাগের-১০-এর পরিচালক মো. সাদেকুর রহমান এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রশাসক করা হয়েছে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেনকে। পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে দুজন করে অতিরিক্ত পরিচালককে সহযোগী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বিভাগ থেকে অবমুক্ত হয়ে অবিলম্বে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা অকার্যকর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশন বিভাগের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে কাজ করবেন।