দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে ৬৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৫ জনে। গত ২৪ ঘণ্টায় ৫১১ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১৭ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৪০ জন, চট্টগ্রামে ৮৮, বরিশালে ৮৪, রাজশাহীতে ৫৭ এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্ট মাসে এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।