আগামী কয়েক দিন সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে কিছু কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের এক আবহাওয়াবিদ জানিয়েছেন, ১৩ ও ১৪ জুলাই বৃষ্টির তীব্রতা সাময়িকভাবে কিছুটা কমে আসতে পারে। তবে দেশের অনেক স্থানেই বৃষ্টি বজায় থাকবে। পরবর্তীতে মৌসুমি বায়ু শক্তিশালী হওয়ার কারণে ১৬ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবার বাড়তে পারে।
তিনি আরও জানান, জুলাই মাস হলো বর্ষা মৌসুমের প্রধান সময়, তাই এই ধরনের বৃষ্টিপাত স্বাভাবিক। এই মৌসুমে সাধারণ প্রতিটি স্পেল দুই থেকে তিন দিন স্থায়ী হয় এবং দেশের অধিকাংশ এলাকায় দিনে এক বা দুই বার থেমে থেমে বৃষ্টি হয়ে থাকে।
এদিকে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় দেশের সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই ভারী বর্ষণের ফলে রাজধানীর বিভিন্ন নিম্নাঞ্চল ও রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।