রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা এলাকায় অভিযান চালিয়ে বনানী থানার একটি হত্যা মামলার প্রধান আসামি মো. আরিফ হোসেন মোল্লাকে (৩৬) গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শনিবার দুপুরে সিটিটিসি’র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরএন্ডডি) বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ওই আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আরিফ হোসেন মোল্লার বিরুদ্ধে বনানীর হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক মামলা এবং একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।