দীর্ঘ বিরতি কাটিয়ে আবারো চলচ্চিত্রের গানে ফিরলেন জনপ্রিয় সংগীতশিল্পী আগুন। সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটিতে তার সঙ্গে সহশিল্পী হিসেবে গেয়েছেন তানজিনা রুমা।
‘স্বপ্নের নায়িকা’ শিরোনামের গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। আর সুর ও সংগীতায়োজন করেছেন আনোয়ার শিকদার টিটন। গানটির সুর আগুনের পছন্দ হওয়ার পর আনন্দ নিয়েই সম্প্রতি এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের পুত্র আগুন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে প্লেব্যাকে পথচলা শুরু করেন। নব্বই দশকে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই শিল্পী ২০২১ সালে ‘শত্রু’ সিনেমায় শেষবার কণ্ঠ দিয়েছিলেন। দীর্ঘ বিরতি শেষে নতুন এই গানের মাধ্যমে ফের চলচ্চিত্রে ফিরলেন তিনি।