
বৈঠকের কোনো আনুষ্ঠানিক এজেন্ডা এখনও ঘোষণা করা হয়নি। হেফাজতের নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী জানান, সফরের প্রস্তুতি সম্পন্ন হলেও আমিরের পক্ষ থেকে ব্যক্তিগত বা মাদ্রাসার তরফ থেকে কোনো দাবি না রাখার নির্দেশনা রয়েছে।
তবে সংগঠনটির আমিরের দৌহিত্র মুফতি বরকতউল্লাহ বাবুনগরী বলেন, বৈঠকে দেশের সামগ্রিক ধর্মীয় বিষয় ছাড়াও হেফাজতের ১৩ দফা দাবি এবং নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন উগ্রবাদী সংগঠনের বিষয়ে নীতিগত আলোচনা হতে পারে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করতে আজ রোববার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর ঘিরে ফটিকছড়ির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চরম উৎসাহ ও নানা কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় কী কী বিষয় উঠে আসবে, সেদিকেই নজর সবার।
প্রশাসন ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, দুপুরে বাঁশখালী থেকে হেলিকপ্টারযোগে ফটিকছড়ির পেলাগাজীর দিঘি সিঅ্যান্ডবি মাঠে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে নাজিরহাটের বাবুনগর এলাকায় গিয়ে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
পরে মাদ্রাসা প্রাঙ্গণে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে প্রায় ৭০ জন শীর্ষ আলেমের উপস্থিতিতে এক মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে। সভা ঘিরে মাদ্রাসায় বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন।
মতবিনিময় সভায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াও বিভিন্ন জেলার শীর্ষ আলেম-ওলামারা অংশ নেবেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির নায়েবে আমির মুফতি খলিল আহমদ কুরাইশী, আল্লামা আইয়ুব বাবুনগরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মুফতি মাহমুদ হাসান, আল্লামা সালাহউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা বোরহান উদ্দিন জাকারিয়া ও মাওলানা মুহিউদ্দিন রব্বানী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মুফতি সাখাওয়াত হোসেন রাজী। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও খুলনাসহ বিভিন্ন জেলার নেতারাও উপস্থিত থাকবেন।
রাজনৈতিক ও ধর্মীয় আলোচনার পাশাপাশি স্থানীয় কাঙ্ক্ষিত উন্নয়ন ইস্যুগুলোও গুরুত্ব পাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানিয়েছেন, ফটিকছড়িতে একটি সরকারি মহিলা কলেজ প্রতিষ্ঠা, কয়েকটি কলেজ সরকারিকরণ, স্থানীয় প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টন, চা ও রাবার শিল্পে গ্যাস সংযোগ এবং অব্যবহৃত খাসজমিতে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করা হবে।
সরকার ও হেফাজতের পারস্পরিক সম্পর্ক, ধর্মীয় ইস্যু এবং স্থানীয় উন্নয়নের ত্রিমুখী প্রেক্ষাপটে বাবুনগরের এই মতবিনিময় সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।