অ্যান্ড্রয়েড ডিভাইসে প্রায় এক দশকের পথচলার অবসান ঘটিয়ে গুগল অ্যাসিস্ট্যান্টকে সরিয়ে প্রধান এআই সহকারী হিসেবে 'জেমিনি'কে আনছে গুগল। আগামী ৪ সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে সব অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পরিবর্তনটি সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
এই পরিবর্তনের আওতায় থাকবে সব অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট, ওয়্যার ওএস স্মার্টওয়াচ, সামঞ্জস্যপূর্ণ হেডফোন ও ইয়ারবাড এবং ফোনের মাধ্যমে সংযুক্ত অ্যান্ড্রয়েড অটো। তবে বিল্ট-ইন অ্যান্ড্রয়েড অটোমোটিভ সিস্টেমযুক্ত গাড়ি, গুগল হোম স্পিকার, স্মার্ট ডিসপ্লে ও গুগল টেলিভিশনে ৪ সেপ্টেম্বরের পরও গুগল অ্যাসিস্ট্যান্ট সেবা আপাতত বহাল থাকবে।
গুগল ২০২৫ সালে এই পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করলেও জেমিনিকে উন্নত করতে বাস্তবায়নে প্রায় এক বছর দেরি হয়। যেসব ডিভাইস জেমিনির ন্যূনতম সিস্টেম রিকোয়্যারমেন্ট পূরণ করবে, সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবেই এটি চালু হবে। এর জন্য আলাদা করে কোনো অ্যাপ ইনস্টল বা আপডেট করতে হবে না।
নতুন এই এআই সহকারী কল করা, বার্তা পাঠানো ও নেভিগেশনের মতো কাজ করতে পারলেও এতে 'ইন্টারপ্রেটার মোড'-এর পূর্ণ সমর্থন নেই। তবে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য এতে 'টকব্যাক'-এর মতো কার্যকর অ্যাক্সেসিবিলিটি ফিচার যুক্ত রয়েছে।
গুগলের হিসাবমতে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারী পৌঁছেছে ৯৫ কোটিতে, যা এক বছর আগের ৪৫ কোটির তুলনায় দ্বিগুণেরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অ্যাসিস্ট্যান্টের বদলে জেমিনিকে আনা গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাকেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ অংশ।