দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার বিষয়টি তদন্ত করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুল জারিসহ এই আদেশ দেন।
আদালত বিষয়টির তদন্তে তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সায়েন্স ল্যাবরেটরি এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে। আদালতে আজ রিটের পক্ষে রিটকারী আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন নিজেই শুনানি করেন।
পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) সম্প্রতি দেশের বাজারে প্রচলিত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের প্রকাশিত গবেষণায় ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬.৫ শতাংশ টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করার তথ্য উল্লেখ করা হয়েছিল।