মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) হিসেবে দায়িত্ব পালন শেষে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক পদে পদায়িত হওয়ায় মোঃ সোহেল পারভেজকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মালদ্বীপ প্রবাসীরা। ২০২০ সালে তিনি প্রথম সচিব হিসেবে সেখানে যোগদান করেছিলেন।
পরবর্তীতে ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, প্রবাসী কল্যাণ নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গতিশীলতা সৃষ্টিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার সংরক্ষণ, শ্রম জটিলতা নিরসন ও বৈধ অভিবাসন ব্যবস্থাপনায় তাঁর উদ্যোগ প্রশংসিত হয়েছে।
প্রবাসী নেতৃবৃন্দের মতে, সোহেল পারভেজের প্রশাসনিক দক্ষতা, সমস্যা সমাধানে আন্তরিকতা এবং জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গি মালদ্বীপ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিএসসির মহাব্যবস্থাপক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি সামুদ্রিক পরিবহন খাতের উন্নয়ন, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং জাতীয় অর্থনীতিতে কার্যকর অবদান রাখবেন বলে প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করেন।