দেশে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় উৎপাদন ব্যাহত হয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। এই ক্ষতি পুষিয়ে নিতে ব্যাংক সুদ মওকুফ, কিস্তি পরিশোধ স্থগিত এবং গ্যাস-বিদ্যুৎ বিল পরিশোধে সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
শনিবার (৮ জুলাই) দুই মন্ত্রীকে জরুরি পত্র দিয়ে এই অনুরোধ জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে তৈরি পোশাক ও রপ্তানিকারক প্রতিষ্ঠানসহ সব শিল্পের ব্যাংক সুদ মওকুফ এবং তিন মাসের জন্য ইনস্টলমেন্ট পেমেন্ট স্থগিত রাখার দাবি জানান।
একই সাথে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের প্রতি অনুরোধ জানিয়ে চেম্বার সভাপতি বলেন, চলমান পরিস্থিতিতে কোনো সংযোগ বিচ্ছিন্ন না করে জরিমানা ছাড়াই বিল দেওয়ার জন্য ৯০ দিনের বিলম্ব মার্জনা সময় দেওয়া প্রয়োজন। এতে মাস টু মাস বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধের বর্তমান নিয়ম রহিত করার আহ্বান জানান তিনি।
পত্রে উল্লেখ করা হয়, দীর্ঘ দিন গ্যাস-বিদ্যুৎ সংকটে তৈরি পোশাক, টেক্সটাইল ও প্লাস্টিকসহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কারখানা বন্ধ বা অলিখিত লে-অফ হয়ে গেছে। ফলে পণ্যের উৎপাদন খরচ না ওঠায় কর্মীদের বেতন-ভাতা, ব্যাংক সুদ ও ইউটিলিটি বিল দেওয়া সম্ভব হচ্ছে না। এই অবস্থায় উচ্চ সুদের বোঝা বহন করা শিল্পমালিকদের জন্য মরার ওপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হবে।