ঢাকা জেলার সাভারে জাতীয় সংসদ নির্বাচন পোলিং এজেন্টদের সম্মানে সাভার পৌরসভার এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে সাভার পৌর বিএনপির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল আকর্ষণ হিসেবে উঠে আসেন সাভার পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ঢাকা জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। বক্তারা সাভারের রাজনীতি ও সামাজিক উন্নয়নে লায়ন খোরশেদ আলমের দূরদর্শী নেতৃত্ব এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মীরা আগামী দিনে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত সাভার পৌরসভা গঠনে মেয়র পদপ্রার্থী লায়ন খোরশেদ আলমের হাতকে শক্তিশালী করার সর্বসম্মত অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন: মো. জামাল হোসেন মজুমদার, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন সরকার, তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাভার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইব্রাহিম মিয়া। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা ও সঞ্চালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান (ভিপি বদি) এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান। বক্তারা তাঁদের বক্তব্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে পোলিং এজেন্টদের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি কেন্দ্রে ঐক্যবদ্ধ ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভা শেষে অতিথিরা এজেন্টদের শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরবর্তীতে আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।