জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদের পরামর্শ ছাড়া প্রণয়ন করায় ২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এবং ওষুধের মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নের আগে উপদেষ্টা পরিষদের পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে সেই নিয়ম না মেনে ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশ করায় এর বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জুন গঠিত জাতীয় ওষুধ উপদেষ্টা পরিষদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের তালিকা ও পদ্ধতি বাতিল হলেও ১৯৯৪ সালের আদেশে প্রণীত অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও সরকারি মূল্য নির্ধারণ ব্যবস্থা বহাল থাকবে। পরবর্তীতে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি না করে ওষুধ মূল্য নির্ধারণ ও তালিকা হালনাগাদ করা হবে।