সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আজ সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজ জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টার মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বর্ষণ এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে গণ্য করা হয়। এই অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা মহানগরীর বিভিন্ন অংশে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।