গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর দারুণ সাড়া জাগানো সিনেমা ‘মালিক’ এবার ওটিটি প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১২টা থেকে দর্শকেরা ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ সিনেমাটি দেখতে পাচ্ছেন। সাইফ চন্দন পরিচালিত আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত এ ছবিটি সিনেমা হলে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল।
মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মালিক’ সিনেমাটির গল্প। ছবিটির বিভিন্ন চরিত্রে আরিফিন শুভ ও মিম ছাড়াও অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ ও এ জে রানাসহ আরও অনেকে।
এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান। ছবিটির আইটেম গান ‘গুলগুলি পিঠা’ সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়। লুৎফর হাসানের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম ও প্রতীক হাসান।