রাজবাড়ীর সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিরল বিদেশি স্টার্লিং সাবমেশিনগান এবং একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মোমিন মোল্লা ও হাসান আলী বিশ্বাস। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুজনই সর্বহারা পার্টির মঞ্জু-জাহাঙ্গীর গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোমিন মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্টার্লিং সাবমেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান জানান, মোমিন মোল্লা প্রায় এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন এবং আগামী ১৩ আগস্ট তার পুনরায় বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল। উদ্ধার হওয়া স্টার্লিং সাবমেশিনগানটি অত্যন্ত বিরল ধরনের অস্ত্র বলেও উল্লেখ করেন তিনি।
একই দিন গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাসান আলী বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। ওই গ্রুপের নেতা মঞ্জু-জাহাঙ্গীরকে গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।