আগামী ২০২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ৯৪৮ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৭৮ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) ১১০টি লটের মধ্যে ১০৬টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য ৪০৪ কোটি ২ লাখ ২ হাজার ২৯৭ টাকা ৩৯ পয়সার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আওতায় ৭ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ২৩৫ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্ব পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান। এছাড়া ইবতেদায়ি স্তরের ৩ কোটি ১৮ লাখ ১০ হাজার ৭৩২ কপি বই মুদ্রণে ১৫৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে, যা ৩৫টি প্রতিষ্ঠান সরবরাহ করবে।
অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল ও কারিগরি স্তরের ৭০টি দরপত্রের আওতায় ৪ কোটি ১১ লাখ ৬১ হাজার ৫৩ কপি পাঠ্যপুস্তক মুদ্রণে ১৮৩ কোটি ৫৮ লাখ ৪৫,২৫৬ টাকার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজ পেয়েছে ৬৩টি প্রতিষ্ঠান। পাশাপাশি সপ্তম শ্রেণির ৬৯টি দরপত্রের আওতায় ৩ কোটি ৮৪ লাখ ৪৪ হাজার ৯৮৪ কপি পাঠ্যপুস্তক মুদ্রণে ২০৬ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৯৩৯ টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে, যেখানে ৫৯টি প্রতিষ্ঠান দায়িত্ব পেয়েছে।