ব্রিটেনে আশ্রয় আবেদন সফল হওয়ার পর স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে সংশ্লিষ্ট অভিবাসীকে প্রায় ১০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে। সরকারি আবাসন ও ভরণপোষণ বাবদ ব্যয় হওয়া খরচের একটি অংশ ফেরত পেতে এমন বিধান চালু করছে দেশটির সরকার। আগামী ২৯শে জুন মঙ্গলবার পার্লামেন্টে পেশ হতে যাওয়া 'ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল'-এ এই নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, আশ্রয় আবেদন চূড়ান্তভাবে অনুমোদন পাওয়ার পর অভিবাসীরা কর্মক্ষেত্রে যোগ দিয়ে নির্ধারিত সীমার বেশি আয় করলে তাদের কাছ থেকে এই অর্থ আদায় করা হবে। তবে এককালীন প্রায় ১০ হাজার পাউন্ডের এই অর্থ কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন তারা। স্থায়ীভাবে বৃটেনে বসবাসের আবেদন জানানোর আগেই এই অর্থ শোধ করতে হবে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, “আশ্রয়প্রার্থীদের সহায়তা পাওয়া একটি অধিকার, তবে এর সঙ্গে দায়িত্বও রয়েছে। যখন তারা উপার্জন করে সমাজে অবদান রাখার সক্ষমতা অর্জন করবেন, তখন ব্রিটিশ জনগণের উদারতার প্রতিদান হিসেবে তাদের এই অর্থ পরিশোধ করা উচিত।”
ঠিক কত টাকা আয় করলে এই অর্থ পরিশোধ বাধ্যতামূলক হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইনটি কার্যকর হলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজন অনুযায়ী অর্থের পরিমাণ ও আয়ের সীমা পরিবর্তন করতে পারবেন। সরকার দাবি করেছে, করদাতাদের স্বার্থ রক্ষা এবং অভিবাসীদের চরম আর্থিক সংকট থেকে মুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।