দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সুরিয়া ও জ্যোতিকা প্রায় দুই দশক ধরে সুখে সংসার করছেন। সম্প্রতি দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্কের নানা স্মৃতি রোমন্থন করেছেন জ্যোতিকা। তিনি জানান, তাদের পারিবারিক ও কাজের জীবনে কোনো বৈষম্য নেই, সব সিদ্ধান্ত ও কাজ তারা একসঙ্গে ভাগ করে নেন।
১৯৯৯ সালে ‘পুভিল্লাম কেটুপ্পার’ সিনেমার শুটিংয়ে সুরিয়ার সঙ্গে জ্যোতিকার প্রথম দেখা হয়। মুম্বাইয়ে বড় হওয়া জ্যোতিকা শুরুতে তামিল ভাষা জানতেন না, তবে কাজের প্রতি তার আত্মত্যাগ ও বিনয় সুরিয়াকে আকৃষ্ট করে। ২০০১ সালে সুরিয়ার ‘নন্দ’ সিনেমার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ‘কাখা কাখা’ সিনেমায় তাকে নেওয়ার জন্য পরিচালক গৌতম মেননকে অনুরোধ করেন জ্যোতিকা।
‘কাখা কাখা’ সিনেমার সেটেই পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গোপনে বাগদান সারার পর ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এরপর ২০০৭ সালে মেয়ে দিয়া এবং ২০১০ সালে ছেলে দেবের জন্ম হয়। বর্তমানে পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি দুজনে ক্যারিয়ারও সমান তালে সামলাচ্ছেন।
সাক্ষাৎকারে জ্যোতিকা জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি সুরিয়ার চেয়ে ৩ গুণ বেশি পারিশ্রমিক পেতেন, আর এখন তা ৩০ গুণ কমে গেছে। স্বামীকে ‘গ্রিন ফ্ল্যাগ’ মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সুরিয়া রান্নাঘর থেকে শুরু করে সন্তান লালন-পালন—সব ক্ষেত্রে নারীদের প্রতি সমান শ্রদ্ধাশীল ও সহযোগী।