ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) রাতে আশুলিয়া থানাধীন নবীনগর জয় রেস্তোরাঁর সামনের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাগর আহম্মেদ (২৫), মো. হারুন অর রশিদ (৩৫) এবং মো. নাজমুল ইসলাম (২২)। পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মাসুদ আল মামুন ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। রাত ১১:১৫ মিনিটের দিকে নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ নম্বর আসামি মো. হারুন অর রশিদের বিরুদ্ধে আগে থেকেই দু’টি মাদক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।