ফজর নামাজের পরের সময়টি আধ্যাত্মিক ও শারীরিক—উভয় দিক থেকেই অত্যন্ত বরকতময়। কুরআন-সুন্নাহ অনুযায়ী এ সময় আল্লাহর রহমত ও রিজিক বণ্টন করা হয়। একই সঙ্গে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী ভোরে ঘুম থেকে ওঠা মানুষের দেহ ও মনের জন্য সবচেয়ে উপকারী।
হাদিস অনুযায়ী, ফজর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ে আল্লাহ তা’আলা বান্দার রিজিক বণ্টন করেন এবং রাসুলুল্লাহ (সা.) উম্মতের সকালের কাজে বরকতের জন্য দোয়া করেছেন। এছাড়া ফজরের সময় রাতের ও দিনের ফেরেশতারা একত্রিত হন এবং বান্দার ইবাদত পর্যবেক্ষণ করেন। জামাতে ফজর আদায় করে সূর্যোদয় পর্যন্ত জিকিরে মশগুল থেকে দুই রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি পূর্ণ হজ ও ওমরার সওয়াব পাওয়া যায়।
স্বাস্থ্যগত দিক থেকেও ভোরের সময়টির বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যা ফুসফুস ও স্নায়ুতন্ত্রের জন্য বেশ উপকারী। সকালে ঘুম থেকে উঠলে হৃদযন্ত্রের রক্ত চলাচল স্বাভাবিক থাকে, যা রক্ত জমাট বাঁধা ও স্ট্রোকের ঝুঁকি কমায়। এছাড়া ভোরের পরিবেশ মস্তিষ্কের হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে মানসিক চাপ দূর করে।