বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। তিনি প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ ব্যক্ত করেন। একই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা তুলে ধরেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের আস্থা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত ও বহুমাত্রিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সৌদি কোম্পানিগুলোকে বিশেষভাবে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ করার আহ্বান জানান।
সৌদি প্রতিনিধি দলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুলআজিজ আল-ইয়াহইয়া, উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা ও সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহ উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকের শেষে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান এবং প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে সফরের আশা প্রকাশ করেন।