অর্থ মন্ত্রণালয়ের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে দেশের অর্থনীতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সরকারি এই প্রতিবেদনে বলা হয়েছে যে ২০২৬-২৭ অর্থবছরে অর্থনীতিতে একসঙ্গে বেশ কয়েকটি বড় ঝুঁকি দেখা দেবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আসন্ন ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আয়ের দুর্বলতা, জিডিপির নিু প্রবৃদ্ধি এবং বৈদেশিক খাতে বড় শঙ্কা। এসব ঝুঁকি ঠিকমতো মোকাবিলা করা না গেলে অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ ধরা হলেও বাস্তবে তা ৯ দশমিক ২ শতাংশে উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে গিয়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে জানানো হয়েছে।
এছাড়াও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ৮ লাখ ৩৩ হাজার ২১৬ কোটি টাকার দায় রয়েছে এবং ব্যাংকিং ব্যবস্থা দুর্বল অবস্থায় রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বাড়তি সমস্যা তৈরি করায় সামগ্রিক চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।