পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত জেলার কাবাল থানার প্রধান ফটকের সামনে আত্মঘাতী হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) থানায় প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করতে গেলে তিনি শরীরে থাকা বিস্ফোরক বিস্ফোরণ ঘটান বলে জানিয়েছে জেলা পুলিশ।
হামলার সময় কাবাল চকে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বড় জনসমাবেশ চলছিল। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের দ্রুত সাইদু শরীফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সোয়াতজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত ও তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।