বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় জাকার্তার বায়ুমান সূচক ছিল ১৭৪।
একই সময়ে বায়ুমান সূচকে ৭৩ স্কোর নিয়ে ৩২তম অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসকে আজ ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়েছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৮। তৃতীয় অবস্থানে আছে আরব আমিরাতের দুবাই শহর, যার স্কোর ১৫৪।
চতুর্থ স্থানে বাহরাইনের মানামা (১৪৫ স্কোর) এবং পঞ্চম স্থানে পাকিস্তানের লাহোর (১৩২ স্কোর) রয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার একটি শহরের বাতাসের মান তাৎক্ষণিক সূচকের মাধ্যমে জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর ভালো বায়ুমান নির্দেশ করে।
বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এছাড়া, স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।