দেশে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও আইনি হয়রানির ঘটনা থামছে না। মিডিয়া ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্টের (মিড) গবেষণা অনুযায়ী, গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের ৩৯টি পৃথক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৫০ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। শনিবার (১ আগস্ট) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
প্রতিবেদনের তথ্যমতে, নির্যাতনের মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে প্রাণনাশের হুমকির ঘটনা। ৩৯টি ঘটনার মধ্যে ১৯টি ছিল প্রাণনাশের হুমকি, যা মোট ঘটনার ৪৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া শারীরিক হামলার ঘটনা ঘটেছে ১১টি (২৮ দশমিক ২ শতাংশ), আইনি হয়রানি বা মামলা হয়েছে ছয়টি (১৫ দশমিক ৪ শতাংশ) এবং গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে তিনটি (৭ দশমিক ৭ শতাংশ)। সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখতেই সবচেয়ে বেশি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
গবেষণায় দেখা যায়, মোট ঘটনার ৯১ দশমিক ৪ শতাংশ অর্থাৎ ৩২টি ঘটনা ঘটেছে জেলা ও উপজেলা পর্যায়ে। আর রাজধানী ও মহানগর এলাকায় ঘটেছে মাত্র সাতটি ঘটনা। দুর্নীতি ও অনিয়ম উন্মোচন, রাজনৈতিক সংঘাতের সংবাদ সংগ্রহ এবং প্রকাশিত প্রতিবেদনের প্রতিশোধ নিতেই মূলত সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এসব ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী, ভূমিদস্যু, অবৈধ বালু উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী ও কিছু সরকারি কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে ৩৯টি ঘটনার মধ্যে ১৮টিতে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও মামলা হয়েছে মাত্র পাঁচটিতে এবং গ্রেপ্তার হয়েছেন মাত্র দুইজন অভিযুক্ত। মিডের নির্বাহী পরিচালক রাশেদুল হাসান বলেন, মফস্বলের সাংবাদিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, গণমাধ্যম প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।