অস্ট্রেলিয়াজুড়ে প্রথমবারের মতো নতুন জাতীয় জরুরি সতর্কীকরণ ব্যবস্থা 'অসঅ্যালার্ট'-এর (AusAlert) পরীক্ষামূলক সম্প্রচার চালানো হচ্ছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় দেশটির লাখো মোবাইল ফোনে ১০ সেকেন্ডের জন্য উচ্চস্বরের সাইরেন বাজবে, ডিভাইস ভাইব্রেট করবে এবং একটি ফুল-স্ক্রিন বার্তা প্রদর্শিত হবে। সেল ব্রডকাস্ট প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে দাবানল, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তবে এই পরীক্ষাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন পারিবারিক ও গার্হস্থ্য সহিংসতা নিয়ে কাজ করা সংগঠনগুলোর প্রতিনিধিরা। তাদের আশঙ্কা, বাধ্যতামূলক এই উচ্চস্বরের সাইরেন নির্যাতনের শিকার নারীদের গোপনে থাকা জরুরি ফোনের অস্তিত্ব প্রকাশ করে দিতে পারে। পশ্চিম সিডনিভিত্তিক ইমিগ্র্যান্ট উইমেন'স স্পিকআউট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মারিয়া কিসৌরি জানান, জীবন বাঁচাতে বা ট্রিপল জিরো (০০০)-তে যোগাযোগের জন্য অনেক নারী গোপনে ফোন ব্যবহার করেন, যা এই সাইরেনের কারণে নতুন নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে।
এমন ঝুঁকি এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে পূর্বসতর্কতা হিসেবে পরীক্ষা শুরুর আগেই গোপন ফোনটি বন্ধ রাখা অথবা সাময়িকভাবে কোনো বিশ্বস্ত ব্যক্তির কাছে রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি। অস্ট্রেলিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী ক্রিস্টি ম্যাকবেইন জানিয়েছেন, ২০১৯-২০ সালের ভয়াবহ 'ব্ল্যাক সামার' দাবানলের পর গঠিত রয়্যাল কমিশনের সুপারিশের ভিত্তিতে পুরনো এসএমএস-ভিত্তিক ব্যবস্থার সীমাবদ্ধতা দূর করতে এই অসঅ্যালার্ট ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী আরও জানান, অসঅ্যালার্ট ব্যবস্থার অধীনে 'প্রায়োরিটি' ও 'ক্রিটিক্যাল'—এই দুই ধরনের সতর্কতা থাকবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষামূলক সতর্কতার শব্দে কেউ যাতে অস্বস্তিতে না পড়েন বা নিরাপত্তাজনিত ঝুঁকিতে না পড়েন, সেজন্য প্রয়োজন মনে করলে নির্ধারিত সময়ের আগেই মোবাইল ফোন বন্ধ রাখা অথবা এয়ারপ্লেন মোড চালু করে রাখা যেতে পারে।