সাভারের আমিনবাজারে মশাল মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মিছিলের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার রাত ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে এ অভিযান পরিচালিত হয়। আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসানের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান চালায়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— মো. রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), মো. ইকবাল (৪০), মো. সামিউল ইসলাম (১৯), মো. শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস (৩০), মো. রিপন (৩০), মো. ইব্রাহিম (৪৫), মো. ওয়ালিউর রহমান (৪০) এবং মো. রমজান (৩০)।ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির আল আহাসান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।