রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ খোকন (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী।
নিয়াজ মেহেদী জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার শনির আখরা স্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায়। এ সময় খোকনকে গ্রেপ্তার করা হয় এবং তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।