ব্যবসার আনুষ্ঠানিকীকরণ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে নিয়ন্ত্রক জটিলতা কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (৩০ জুলাই) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), শিল্প মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ আয়োজনে ‘নিয়ন্ত্রক প্রক্রিয়া সহজীকরণ ও আনুষ্ঠানিকীকরণের অনুকূল পরিবেশ’ শীর্ষক এক জাতীয় পরামর্শসভায় এসব বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিল্পসচিব আবদুন নাসের খান জানান, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা গেলে ব্যবসার আনুষ্ঠানিকীকরণে গতি আসবে। এ লক্ষ্যে শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৯০ দিনের মধ্যে একটি ডিরেগুলেশন অ্যাকশন প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এছাড়া ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) আরো কার্যকর করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে শিল্প মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।
বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান নতুন বিজনেস লাইসেন্সিং গাইডবুক উন্মোচনের কথা উল্লেখ করে সিঙ্গেল ডিজিটাল বিজনেস আইডেন্টিটি নম্বর, ওয়ান-স্টপ লাইসেন্সিং প্ল্যাটফর্ম এবং দীর্ঘমেয়াদি লাইসেন্স চালুর প্রস্তাব দেন। তার মতে, এসব সংস্কার বাস্তবায়িত হলে ব্যবসায়ীদের কমপ্লায়েন্স ব্যয় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। সরকারের ১০ লাখ কর্মসংস্থানের লক্ষ্য পূরণে অন্তত এক লাখ নতুন উদ্যোক্তা তৈরির জন্য নিয়ন্ত্রক বাধা কমানোর ওপর জোর দেন তিনি।
মূল প্রবন্ধে বিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম তুলে ধরেন যে, দেশের প্রায় ৬৫ শতাংশ অর্থনৈতিক ইউনিট এখনো অনানুষ্ঠানিক। তিনি জানান, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা খাতে ব্যবসা পরিচালনায় ৩১টি পর্যন্ত লাইসেন্স, ২৩৫টির বেশি নথি এবং প্রায় ৬৫০ দিন সময় লাগে। অন্যদিকে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে ৩০টি লাইসেন্সের জন্য ২০০টির বেশি নথি জমা দিতে হয় এবং প্রক্রিয়া শেষ হতে প্রায় ৬০০ দিন লেগে যায়।
আইএলও’র প্রতিনিধি পিটার জুনিয়র বেলেন জানান, দেশের প্রতি ১০ জন শ্রমিকের মধ্যে প্রায় আটজন অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আনুষ্ঠানিক ও শোভন কর্মসংস্থানের আওতায় আনতে আইএলও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে। অনুষ্ঠানে আরজেএসসি-এর রেজিস্ট্রার এ কে এম নুরুন্নবী, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো: শামসুল হক, এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার এবং এসকে বি স্টেইনলেস মিলস লিমিটেডের চেয়ারম্যান সাইফুর রহমান ট্রেড লাইসেন্স সহজ করা, কেন্দ্রীয় ডাটাবেজ গঠন ও ক্ষুদ্র ঋণের বাধা দূর করার আহ্বান জানান।