চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকাসক্ত ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবা নিহত হয়েছে।শনিবার দুপুরে হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্বপন দাশ গুপ্ত ও তার স্ত্রী কল্পনা দাশ। ঘটনার পর ঘাতক ছেলে রিমন দাশ গুপ্তকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, ছেলে রিমন দাশ গুপ্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল। শনিবার সকালে রিমন তার মা-বাবাকে নিয়ে বাইরে যায়। পরে দুপুর১২টার দিকে তারা বাড়িতে ফেরে। এর কিছুক্ষণ পর হঠাৎ ছেলে রিমন ধারালো অস্ত্র দিয়ে তার মায়ের ওপর হামলা চালায়। মাকে বাঁচাতে বাবা এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এসময় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান মা ঘটনাস্থলেই মারা গেছেন। পরে গুরুতর আহত অবস্থায় বাবাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।