‘সম্মানের সঙ্গে রোজগার, লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর এই স্লোগানকে সামনে রেখে সাভারে অনুষ্ঠিত হলো লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা-২০২৬।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে জি ইউ এস (GUS) ও এসপিইডি (SPED)-এর যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, হিজড়া সরদারনী শাপলা চৌধুরী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আয়োজকবৃন্দ। মেলায় সাভারের বিভিন্ন এলাকা থেকে আসা হিজড়া ও লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সদস্যরা অংশ নেন। মেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের স্টল বসায়, যেখানে চাকরিপ্রার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন। হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।প্রধান অতিথি ও অন্য বক্তারা বলেন, লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীকে পেছনে ফেলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কর্মসংস্থানের কোনো বিকল্প নেই। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মক্ষেত্রে তাদের সুযোগ নিশ্চিত করা গেলে তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। মেলায় আসা একাধিক হিজড়া সদস্য এবং হস্তশিল্প উদ্যোক্তারা এমন আয়োজনকে সাধুবাদ জানান। তবে তারা কেবল একদিনের মেলার মধ্যে সীমাবদ্ধ না থেকে, স্থায়ীভাবে কর্মসংস্থান ও ব্যাংক ঋণের সহজ শর্ত নিশ্চিত করার দাবি জানান।