নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সাভারের আশুলিয়াধীন পাথালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। গত বুধবার (২২ জুলাই) ঘুঘুদিয়া বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীদের স্বাবলম্বী করে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন হলে সমাজ ও দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী, পাথালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মীর বারেক মিয়া সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। স্থানীয় সচেতন মহল এ ধরনের ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।