ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পরিচালিত পৃথক দুই বিশেষ অভিযানে সাভার এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে। গত ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ১৮:০৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকায় অভিযান চালায় এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবের নেতৃত্বাধীন একটি দল। উক্ত অভিযান থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ (ওজন ৬ গ্রাম, আনুমানিক মূল্য ১৮,০০০ টাকা) দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ১. মোসাঃ ললিতা আক্তার (৩০), স্বামী- মোঃ মহর আলী ওরফে আরমান, সাং- বক্তারপুর বেদেপল্লী। ২. মোসাঃ খায়রুন নেছা (২০), স্বামী- মোঃ শাকিল, সাং- বক্তারপুর (করিম পালোয়ানের বাড়ির ভাড়াটিয়া)। একই দিন সন্ধ্যা ১৮:৩০ ঘটিকায় অপর একটি অভিযানে সাভারের শোভাপুর রাজফুলবাড়িয়া এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ (ওজন ৫ গ্রাম, আনুমানিক মূল্য ১৫,০০০ টাকা) এক মাদক কারবারিকে গ্রেফতার করে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বাধীন অন্য একটি দল। ৩. মোঃ আলী হোসেন (৩৩), পিতা- মোঃ সেলিম, সাং- কলমা উত্তরপাড়া। ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।