বন্ধ করুন
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা


মোঃ মেহেদী হাসান
মোঃ মেহেদী হাসান প্রধান প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ প্রিন্ট:
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা
Featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চৌধুরী বাড়ির সন্তান ও বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ-UNAMA)-এর প্রধান এবং আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতিসংঘ মহাসচিবের এ নিয়োগের মাধ্যমে তিনি আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক, মানবিক ও উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দেবেন।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ছিলেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি বহুপাক্ষিক কূটনীতি, টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা, শান্তিরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

রাবাব ফাতিমা ১৯৯০-এর দশকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। কর্মজীবনে তিনি জাপান, চীন, ভারত এবং জাতিসংঘে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), রোহিঙ্গা সংকট, নারী ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠাসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। পরবর্তীতে আন্ডার-সেক্রেটারি-জেনারেল হিসেবে উন্নয়ন ও স্বল্পোন্নত দেশ-সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্বে রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্যক্রম, মানবিক উদ্যোগ, রাজনৈতিক সংলাপ এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার সমন্বয় ও তদারকির দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এ নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, রাবাব ফাতিমার এ নিয়োগের খবরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তার চাচাতো ভাই ও মাধবপুর উপজেলা বিএনপির নেতা সুমন চৌধুরী বলেন, “এটি আমাদের পরিবারের জন্য গর্বের বিষয়। মাধবপুরের একজন সন্তান আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। আমরা তার সফলতা কামনা করছি।”

স্থানীয়দের মতে, রাবাব ফাতিমার এ অর্জন দেশের কূটনৈতিক অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উদাহরণ।